সেনবাগ থানার এএসআই ও কনস্টেবলকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে গত বুধবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই ও আসামির পলায়নের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও কনস্টেবল খোরশেদ আলমকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানের আদেশে তাঁদের সেনবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে কনস্টেবল খোরশেদ আলম হামলায় গুরুতর আহত হয়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় তাঁর শটগানটি ছিনতাই হয়েছিল, যা পরে উদ্ধারও হয়।একজন এএসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করার করার কথা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান। গতকাল শুক্রবার তিনি বলেন, পুলিশের চাকরিবিধি অনুযায়ী প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে সেনবাগ থানা ৩০৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। থানার সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার পর ধৃত সন্ত্রাসী সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারীসহ চারজনের নাম উল্লেখ করেন। এ ছাড়া বাকি ২৫০-৩০০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়। সেনবাগ থানার ওসি এমরান আলী মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করে বলেন, সিরাজসহ এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।