সেনবাগ থানার এএসআই হান্নানকে প্রত্যাহার
নোয়াখালীর সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হান্নানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে তাঁকে প্রত্যাহার করা হয়।
গত ১৬ জুন হরতাল চলাকালে উপজেলার কাদরা দোকানঘর এলাকা থেকে উদ্ধার হওয়া ৩২ বস্তা ভারতীয় মসলার বিষয়ে আইনগত পদক্ষেপ না নেওয়ার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় ওই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী এহসানুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক আবদুর রহমান ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে এএসআই হান্নানকে প্রত্যাহারের কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা দোষী হওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, গত ১৬ জুন হরতাল চলাকালে বেলা ১১টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক হয়ে মসলাভর্তি দুটি পিকআপ ভ্যান সেনবাগের দিকে আসার পথে কাদরা মোড় নামক স্থানে শিবির কর্মীরা পিকআপ ভ্যান দুটি ভাঙচুর করেন। এ সময় পিকআপের চালকেরা ভয়ে পালিয়ে যান। এরপর স্থানীয় একটি চক্র পিকআপ ভ্যান থেকে মসলার বস্তাগুলো লুট করে পার্শ্ববর্তী মজুমদারবাড়ির একটি ঘরে রাখে। পরে খবর পেয়ে সেনবাগ থানার এএসআই আবদুল হান্নান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মসলাগুলো উদ্ধার করে থানায় নিয়ে এলেও যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ কিংবা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
পরবর্তী সময়ে পুলিশ সুপার ভিন্ন সোর্সের মাধ্যমে ১৯ জুন ঘটনাটি জানার পর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমাকে বিষয়টি সরেজমিনে দেখে আসতে বলেন। তাঁর প্রাথমিক তদন্তে মসলা উদ্ধার ও এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ না নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।