সেনবাগ পৌরসভার পুনঃনির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী জয়ী
নোয়াখালীর সেনবাগ পৌরসভার পুনঃনির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আবু জাফর বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই হাজার ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি-সমর্থিত ফারুক বাবুল পেয়েছেন দুই হাজার ৪০০ ভোট। সহিংসতার কারণে গত ১৮ জানুয়ারি পৌরসভার নয়টি কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত করা হয়।এর আগে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ভোটকেন্দ্র ও আশপাশে র্যাব, বিজিবি আর পুলিশ টহল ছিল। দুপুর দেড়টার পর থেকে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে ভোটারদের দুর্ভোগে পড়তে হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি। ভোটকেন্দ্রে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।সরেজমিনে সকাল আটটায় নয়টি কেন্দ্র ঘুরেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অষ্টদ্রোন প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসা, সেনবাগ সরকারি কলেজসহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেয়নি নিরাপত্তা বাহিনী।কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা বজলুর রহমান। পরে রাত সাড়ে সাতটায় তিনি ফলাফল ঘোষণা করেন।