সেনবাগ পৌরসভার পুনর্নির্বাচনের ভোট গ্রহণ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌরসভার পুনর্নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুর রহমান।গত ১৮ জানুয়ারি এ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। পরে নির্বাচন কমিশন সব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। পরবর্তী সময়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের আলোকে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।পুনর্নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা নতুন করে প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন পদের প্রার্থীদের নতুন পোস্টারে আবার ছেয়ে গেছে পৌর এলাকা। কিন্তু এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এখন আর আগের মতো নেই। এলাকার একাধিক ভোটার বলেন, ‘পরিবেশ ভালো হলে ভোট দিতে যাব। না হলে যাব না।’ তাঁরা ১৮ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি চান না।রিটার্নিং অফিসার মো. ফজলুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ব্যবস্থা করা হয়েছে।