সেনবাগে অটোরিকশা ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট পালিত হয়েছে। অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান ও চালকের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি হামলার জের ধরে শ্রমিক ইউনিয়ন গত শনিবার দুপুর থেকে এই ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে গতকাল বিকেল পর্যন্ত সেনবাগ রাস্তারমাথা-সেনবাগ বাজার ও সেনবাগ-সোনাইমুড়ী সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন। পরে সেনবাগ থানায় পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতা বৈঠকের পর গতকাল বিকেল সাড়ে চারটার দিকে অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে সেনবাগ রাস্তার মাথার অটোরিকশা স্ট্যান্ড থেকে আগে-পরে যাত্রী ওঠানো নিয়ে লাইনম্যানের সঙ্গে এক চালকের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় কয়েকজন অটোরিকশাচালক আহত হন। এ ঘটনার পর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এতে শনিবার দুপুর একটা থেকে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। সেনবাগ-সোনাইমুড়ী সড়কের যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম বলেন, টানা দুই দিন ধর্মঘটের কারণে ওই পথের যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, অটোরিকশার শ্রমিক ও লাইনম্যানের মধ্যকার বিরোধের জের ধরে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন।