সেনবাগে অধ্যক্ষকে তালাবদ্ধ করে রাখল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ গুরুত্বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী পালন না করার অভিযোগ তুলে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষকে গতকাল শনিবার তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখে ছাত্রলীগ। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণ অনুযায়ী, বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারিভাবে কলেজের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ শনিবার ক্লাস বন্ধ রাখে। এ কারণে গতকাল ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম।ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, কলেজের শিক্ষকেরা কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রচনা প্রতিযোগিতা ও কেক কাটার পর্ব সম্পন্ন করেন। কিন্তু ওই পর্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া কিংবা আমন্ত্রণ জানানো হয়নি। দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে একদল নেতা-কর্মী কলেজে গিয়ে অধ্যক্ষ মুকবুল আহম্মদের ভূমিকার প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে দেন। পরে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নোমান পুলিশ নিয়ে কলেজে যান। একই সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলমও সেখানে যান। বেলা একটার দিকে অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেয় পুলিশ।ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয়ভাবেই কর্মসূচি থাকে। কিন্তু অধ্যক্ষ বিষয়টি তেমন গুরুত্ব দেননি, যা দিবসটির প্রতি চরম অমর্যাদা প্রদর্শনের শামিল।অধ্যক্ষ মুকবুল আহম্মদ তাঁকে কক্ষে আটকে রাখার কথা স্বীকার করেছেন।