সেনবাগে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. কবির আহমদকে (৪৭) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কবির আহমদকে রাতেই স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত কবির আহমদ গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রাত সোয়া ১০টার দিকে তিনি ছিলোনিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে উত্তর মানিকপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি উত্তর মানিকপুর মুক্তিযোদ্ধা লোকমান মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর রিকশার গতিরোধ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তিনি রিকশা থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। কবির আহমদ অভিযোগ করেন, তাঁর ওপর হামলার নেতৃত্বে ছিলেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী একই গ্রামের এয়াছিন মেম্বার। জায়গাজমি ও ছিলোনিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে এয়াছিন মেম্বারের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এর জের ধরে শুক্রবার রাতে পরিকল্পিতভাবে ওই হামলা চালিয়ে মাথা ও শরীরের স্থানে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।তবে হামলার অভিযোগ অস্বীকার করে মো. এয়াছিন ওরফে এয়াছিন মেম্বার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা কবির আহমদের সঙ্গে জায়গাজমি নিয়ে তাঁর বিরোধ রয়েছে ঠিক। কিন্তু বৃহস্পতিবার রাতে হামলার ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক থাকার অভিযোগ ভিত্তিহীন।’ সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছেন। ভিকটিম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’