সেনবাগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা গতকাল রোববার এ আদালত পরিচালনা করেন। এলাকাবাসী জানান, ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা উপজেলার নবীপুর, বীজবাগ, মোহাম্মদপুর ও কাবিরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে দেয়াল ও অন্যান্য স্থাপনায় সাঁটানো পোস্টার, প্রচারপত্রের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করেন। পরে অভিযুক্ত প্রার্থীদের তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন।গতকাল বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন, রফিক উল্লা, শওকত আলী, কাজী জহিরুল ইসলাম, কামাল উদ্দিন, আমিনুল ইসলাম, হারুনুর রশীদ, বাকের হোসেন কোম্পানি, গাজী মো. সেলিম, জাকের হোসেন, সংরক্ষিত নারী প্রার্থী সুপ্রা রানি ও খোদেজা বেগম এবং সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন ইউএনওর কার্যালয়ে হাজির হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রার্থীদের সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্ত প্রার্থীরা জরিমানার টাকা পরিশোধ করে সাজা থেকে রেহাই পান।ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২২ জুন সেখানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।