সেনবাগে আরও এক ছাত্রী ধর্ষণের শিকার
মাত্র চার দিনের মাথায় নোয়াখালীর সেনবাগে আরও এক মাদ্রাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ছাত্রীকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নান্টু (২০) ও মামুন (২২) নামের দুই যুবকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর মা। ধর্ষণের শিকার ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে নান্টু ও মামুন কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রীটির চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা ভালোর দিকে।
ঘটনা সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন, যা তদন্ত করার জন্য ওসি স্যার একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি তদন্ত করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ১০ আগস্ট উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান কয়েকজন যুবক। ওই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।