সেনবাগে ইটভাটা বন্ধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর, হিজলী ও শুভপুর গ্রামের সীমানায় গড়ে ওঠা একটি ইটভাটা বন্ধের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার শত শত মানুষ। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত নজরপুর দোকানঘর এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর এলাকাবাসীর বাধা ও প্রতিবাদ অগ্রাহ্য করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি নজরপুর, হিজলী ও শুভপুর গ্রামের মধ্যবর্তী স্থানে ৮-১০ একর কৃষিজমি বিনষ্ট করে ‘ভূঁইয়া ব্রিকস’ নামের একটি ইটভাটা তৈরি করেন। বিক্ষুব্ধ গ্রামবাসী জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে ভাটাসংলগ্ন কৃষিজমির ফলন হ্রাস পেতে শুরু করেছে এবং আশপাশের বাড়িগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নামেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটা থেকে তিন গ্রামের লোকজন নজরপুর দোকানঘর নামক স্থানে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে চারটা নাগাদ কয়েক শ গ্রামবাসী একত্র হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে একই স্থানে তাঁরা প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মো. এয়াছিন, এয়াছিন বাবুল, আলী মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।