সেনবাগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রকাশ্যে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। দেলুকে বাঁচাতে এলে তাঁর স্ত্রীসহ আরও পাঁচজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবাদে এলাকাবাসী বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির মো. মোস্তফার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। দুপুরে গাছের ঝরা পাতা নিয়ে মোস্তফার স্ত্রীর সঙ্গে দেলোয়ারের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মোস্তফার স্ত্রী নাজমা আক্তার তাঁর বাপের বাড়ি বেগমগঞ্জের চৌমুহনীর নাপিতের পোল এলাকায় খবর দেন। বেলা একটার দিকে তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১৪-১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে দেলোয়ারদের বাড়ির সামনে যায়। এ সময় দেলোয়ার দোকানে বসেছিলেন। সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে দেলোয়ারকে ঘটনাস্থলে হত্যা করে।

এ ঘটনা দেখে পাশেই বাড়ি থেকে দেলোয়ারের স্ত্রী সেতারা বেগম (২৫)  ও অন্য প্রতিবেশীরা এগিয়ে যান। সন্ত্রাসীরা তাঁদেরও কুপিয়ে আহত করে। এতে আরও  পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকাবাসী সাইফুল ইসলাম, মো. রকি ও মো. কবির নামের তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী বলেছে, তাঁরা ওই সন্ত্রাসী দলের সঙ্গে এসেছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।