সেনবাগে গ্রামীণ সড়ক যোগাযোগ বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ-ছিলোনিয়া সড়কটি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ১০ বছরের বেশি সময় ধরে সড়কটি সংস্কার না করায় বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সড়কটি দিয়ে চলাচলকারী বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, শুধু এই সড়কই নয়, সেনবাগ-কোরেশমুন্সীহাট সড়ক, ছাতারপাইয়া-চিলাদী সড়ক, কানকিরহাট মজিরখিল সড়ক, কানকিরহাট-দৌলখাঁ সড়কসহ উপজেলার অধিকাংশ ইউনিয়ন ও গ্রামীণ সড়কেরই বেহাল অবস্থা। সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে এসব সড়কসহ গ্রামীণ সড়কগুলো সংস্কারে সরকারি কোনো উদ্যোগ নেই। তাই দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। এতে উপজেলাটির গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
অর্জুনতলা ইউনিয়নের বাতানিয়া গ্রামের বাসিন্দা আমির হোসেন প্রথম আলোকে বলেন, ১০ বছরের বেশি সময় ধরে সেনবাগ-ছিলোনিয়া সড়কটি সংস্কার করা হয়নি। সড়কের অনেক স্থান ভেঙে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে প্রায়ই যখন তাঁদের এলাকার সড়কের এমন দুরবস্থার কথা শোনা যায়—তখন প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করে উপজেলা প্রকৌশলীর দপ্তরে খারাপ সড়কের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, বছর খানেক আগে এ-সংক্রান্ত তথ্য জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তবে বর্তমানে উপজেলা ও ইউনিয়ন সড়কের ৬০-৬৫ ভাগই ভালো বলে তিনি দাবি করেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি পরিপত্রের মাধ্যমে ইউনিয়নের ভেতরে যেসব পাকা সড়ক (গ্রাম সড়ক) রয়েছে সেগুলো ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে। ওই সব সড়কের রক্ষণাবেক্ষণ তারাই করার কথা। কিন্তু তারা তা না করে ছোটখাটো পোল-কালভার্টই বেশি করে।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক ও কাবিলপুর ইউপির চেয়ারম্যান মমিন উল্লা বলেন, তাঁদের ইউনিয়নের বেশির ভাগ গ্রামীণ পাকা সড়কই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে এসব সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ প্রথম আলোকে বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের বেশির ভাগ গ্রামীণ সড়কের অবস্থাই বেহাল। বছরের পর বছর ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা এ নিয়ে প্রতিনিয়ত দাবি তোলেন।
আবুল কালাম আযাদ আরও বলেন, গত বছর মন্ত্রণালয় থেকে পরিপত্রের মাধ্যমে গ্রামীণ সড়কগুলো স্থানীয় সরকারের কাছে ন্যস্ত করা হয়েছে ঠিকই, কিন্তু এ খাতে অদ্যাবধি কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি। ফলে গ্রামীণ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ উপজেলা পরিষদ থেকে নেওয়া হচ্ছে না।