সেনবাগে ছাত্রলীগের অনুষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গুলি ও ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি, জামায়াত ও শিবিরের নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারে গতকাল বুধবারও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি ছিল শান্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর মোহাম্মদপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালায়। এ সময় ওই নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রলীগের ওই অনুষ্ঠানে হামলার ঘটনায় সেনবাগ থানায় উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আটক নয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আদালত ওই নয়জনের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।