সেনবাগে জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলা
নোয়াখালীর সেনবাগে জমিজমা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সকালে উপজেলার কাবিলপুর গ্রামের শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, ওই গ্রামের শেখ তমিজউদ্দিনের সঙ্গে একই বাড়ির শেখ মোস্তাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। রোববার বেলা ১১টার দিকে মোস্তাফিজুর দলবল নিয়ে ওই বাড়িতে বিরোধপূর্ণ জায়গায় যান। সেখানে তমিজউদ্দিনের ঘেরা দেওয়া টিনের বেড়া তুলে ফেলে ভবন নির্মাণের কাজ শুরু করে মোস্তাফিজুরের লোকজন। এ সময় তমিজউদ্দিনের ভাবি বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থাপনানির্মাণ বন্ধ করে দেয় এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।মোস্তাফিজুর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁরা পৈতৃকসূত্রে জায়গাটির মালিক। কিন্তু মামাতো ভাই তমিজউদ্দিন তাঁর বলে দাবি করছেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি। তাই তাঁরা রোববার ওই জায়গায় নির্মাণকাজ শুরু করতে যান। তমিজউদ্দিন বলেন, ‘আমিই এই জমির বৈধ মালিক।’সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নোমান জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি টিনের কোনো বেড়া দেখেননি। গাছের কাটা গোড়া দেখতে পেয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, আগামী শুক্রবার দুইপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।