সেনবাগে জাতীয় পার্টির বর্ধিত সভায় মারামারি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় দুই পক্ষের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. তালেবুজ্জামানের সভাপতিত্বে উপজেলার গণমিলনায়তনে দলের বর্ধিত সভা শুরু হয়। সভা শুরুর এক ঘণ্টা পর যুব সংহতির সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিলনায়তনে প্রবেশ করতে গেলে ভেতরে থাকা জাতীয় পার্টির কর্মী মোজাম্মেল হোসেন তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জাতীয় পার্টির সভাপতি তালেবুজ্জামান এসে ফটক খুলে দেওয়ার নির্দেশ দেন। এ সময় কোনো কারণ ছাড়াই মোজাম্মেল হোসেন মিলনায়তনের ভেতরে যুব সংহতির নেতা মো. শাহজাহানকে কিল-ঘুষি মারতে থাকেন। হারুন ও জাহিদ এর প্রতিবাদ করলে মোজাম্মেল তাঁদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর মিলনায়তনের ভেতরে দুই পক্ষের মারামারি শুরু হয়। একপর্যায়ে মিলনায়তনের বাইরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. তালেবুজ্জামান বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এতে বর্ধিত সভায় কোনো ব্যাঘাত ঘটেনি।