সেনবাগে ডাকাত সন্দেহে তিন যুবক আটক
নোয়াখালীর সেনবাগে ডাকাত সন্দেহে তিন যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গত শনিবার রাতে তাঁদের আটক করা হয়।আটক তিন যুবক হলেন বীজবাগ গ্রামের মনছুর আহমেদ (৩৫) ও শরিয়ত উল্লা (৩২) এবং কাজিরখিল গ্রামের বেলাল হোসেন (২৬)। এঁদের গতকাল রোববার আগের একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের আবদুল সাত্তারের বাড়ির পাশে ৮-১০ জন যুবক ঘোরাফেরার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে তিনজনকে ধরে ফেলে। তাঁদের একজনের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অসংলগ্ন কথা বলতে থাকলে লোকজন তাঁদের পিটুনি দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, কয়েক দিন আগে ওই এলাকায় একটি ডাকাতি হয়। তাই এ যুবকদের ডাকাত সন্দেহে আটক করে স্থানীয় লোকজন। আগের ওই ডাকাতির মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।