অবৈধভাবে কাঠ পোড়ানো এবং লাইসেন্স না থাকায় নোয়াখালীর সেনবাগের তিনটি ইটভাটার মালিককে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন।ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার ছাতারপাইয়া ও কেশারপাড় ইউনিয়নের তিনটি ইটভাটায় অভিযান চালান আদালত। এ সময় কাঠ পোড়ানোর অপরাধে কালাম ব্রিকসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড; মোমেনা খাতুন ব্রিকসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এ ছাড়া জেলা প্রশাসকের লাইন্সেস না নিয়ে অবৈধভাবে ইট তৈরির দায়ে এমপি ব্রিকসকে ২৫ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদেশের পর ইটভাটার মালিকেরা জরিমানা পরিশোধ করে সাজা থেকে রেহাই পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, যেসব ইটভাটার লাইসেন্স নেই, তাদের আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।