সেনবাগে দলীয় নেতার গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে নিজ দলের নেতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার স্থানীয় থানার মোড়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কর্মসূচি পালন করেন। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ চলাকালে নেতা-কর্মীরা সেনবাগ উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করা ছাড়াও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। পরে জেলা নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের সময় উপজেলা সদরের প্রধান সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও নেতা-কর্মীদের ভাষ্যমতে, আকবর হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্প্রতি দলীয় নেতাদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বাজারে পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরীর সামনেই আকবর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের ওপর হামলা চালান। পরে সাইফুলের সমর্থকেরা আকবরের বাসায় হামলা চালান। সাইফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আকবর ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে এবং তাঁর গ্রেপ্তারের দাবিতে গতকাল নেতা-কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তবে আকবর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দলের নেতৃত্বে চলে আসায় সাইফুল ইসলামসহ একটি অংশের নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আকবরের বিরুদ্ধে আগে থেকেই নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা রয়েছে।