সেনবাগে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর আহত ৫০
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত এ সংঘর্ষ চলাকালে বাজারের অন্তত ২০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন সমর্থক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ও কয়েকটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বুধবার ছাতারপাইয়া ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আবদুর রহমান ও পরাজিত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তফাজ্জল হোসেন শতাধিক সমর্থক নিয়ে দুটি কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে ছাতারপাইয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করার একপর্যায়ে বিজয়ী চেয়ারম্যান আবদুর রহমানের সমর্থকদের সঙ্গে প্রথমে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইট ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাশগুপ্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।