নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশের ১২ জন সদস্যসহ অন্তত ৭০ জন আহত হয়েছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন গতকাল বেলা দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য ছাতারপাইয়া বাজারের আশপাশের ৫০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার পাশা ঘটনাস্থল পরিদর্শন করে এই আদেশ দেন। এর আগে গতকাল সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে ছাতারপাইয়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী পুলিশ লাইন থেকে পুলিশ নিয়ে বেলা একটার দিকে দুই পক্ষকে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩টি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের নয়টি গুলি ছোড়ে। এর আগে বুধবার রাতে পুলিশ পাঁচটি রাবার বুলেট ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছিল। পাল্টাপাল্টি হামলায় ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মো. ফারুক, রবিউল হোসেন, ইব্রাহিম হোসেন, আবদুর রহিম, মো. বাবুল, দাদুল হোসেন, নূর মোহামঞ্চদ, জহির উদ্দিন, আবুল মমিন, মো. ফারুক, দুলাল মিয়া, সাইফুল ইসলাম, মো. ইউসুফ, মো. সুমন, মো. মিলন, হেলাল উদ্দিন ও আবদুল মমিন। আহত ব্যক্তিদের সোনাইমুড়ির বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করানো হয়।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে ছাতারপাইয়া-চিলাদী সড়কে মালবাহী একটি ট্রাক্টর ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড (অতিক্রমের জায়গা) না দেওয়ায় ইজিবাইকের চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরের চালকের সহকারীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে ছাতারপাইয়া পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার বাসিন্দারা প্রথমে বাগিবতণ্ডা এবং পরে সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ, পরে লাইন থেকে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যক্তিরা জানান, রাতভর বাজারে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত ছিল। গতকাল সকাল আটটার দিকে পুলিশ চলে যাওয়ার পর ১০টার দিকে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ সুপার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে পুলিশের ১০-১২ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদারকে আটক করা হয়েছে। পরিদর্শক আরও জানান, পরিস্থিতি শান্ত রাখতে ছাতারপাইয়া বাজারে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ১৪৪ ধারা বলবৎ থাকা পর্যন্ত তারা সেখানে থাকবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।