সেনবাগে দুই লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর ও ফতেপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার একটি নবজাতকের লাশসহ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শায়েস্তানগর গ্রামের আজিজুল হকের ছেলে ইসমাইল হোসেন (১৮) তাঁর বাবার সঙ্গে অভিমান করে গত বুধবার বিষপান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে চৌমুহনীর এশিয়া হসপিটালে ভর্তি করে। সেখানে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়িতে নিয়ে আসার পর ফের অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন পুনরায় হাসপতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।অন্যদিকে, গতকাল সকালে একই ইউনিয়নের ফতেপুর গ্রামে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের খালে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।