সেনবাগে নেতাকে আটকের খবরে আ.লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের এক নেতাকে আটকের খবরে গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল রাত সোয়া নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফরের বাড়ি থেকে কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর পেয়ে দলের অনেক নেতা-কর্মী পৌর শহরের থানার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, ক্ষুব্ধ নেতা-কর্মীরা থানার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই পরিস্থিতিতে রাত পৌনে ১০টার দিকে পুলিশ আবু বকর ছিদ্দিককে ছেড়ে দেয়। রাত ১০টার দিকে দলীয় নেতা-কর্মীরা সড়ক ছেড়ে চলে যান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর প্রথম আলোকে বলেন, আবু বকর ছিদ্দিক তাঁর সঙ্গে দেখা করতে বাবুপুর এলাকার বাড়িতে যান। তখন তিনি বাড়িতে ছিলেন না। ওই সময় পুলিশ তাঁকে (আবু বকর) ধরে থানায় নিয়ে যায়। এতে দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে সড়ক বন্ধ করে দিলে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
তবে আবু বকরকে আটকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোকে বলেন, আবু বকর স্থানীয় সাংসদ মোরশেদ আলমকে গালি দিয়েছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে কথা বলতে তিনি তাঁকে থানায় ডেকেছেন। কিন্তু দলীয় নেতা-কর্মীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাঁকে আটক করা হয়েছে। তাঁরা (দলীয় নেতা-কর্মী) হাইস্কুল গেটের কাছে জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। আলাপ শেষে আবু বকর থানা থেকে চলে গেছেন। এখন পরিস্থিতি শান্ত।