হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও গণমাধ্যমের গাড়িতে হামলা-ভাঙচুর অব্যাহত রয়েছে। ১৮-দলীয় জোটের তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে গতকাল শনিবার নোয়াখালীর সেনবাগে পত্রিকাবাহী একটি গাড়িতে হামলা চালান নেতা-কর্মীরা। এ সময় গাড়িচালকসহ দুজনকে মারধর করা হয়। লাঞ্ছিত হন এক সাংবাদিক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঢাকা থেকে আসা একটি পত্রিকাবাহী গাড়ি সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগের ভূঁইয়ারদীঘি নামক স্থানে পৌঁছালে হামলা চালান অবরোধকারীরা। তাঁদের ছোড়া ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় গাড়ির চালক কবির হোসেন (৪৫) ও সুপারভাইজার মো. হাবিবকে (৩০) মারধর করা হয়। খবর পেয়ে দৈনিক আজকালের খবর-এর সেনবাগ উপজেলা প্রতিনিধি ও স্থানীয় সংবাদপত্র পরিবেশক জাকির হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি পত্রিকাবাহী গাড়িটি ছাড়িয়ে আনার চেষ্টা করলে অবরোধকারীরা তাঁকেও লাঞ্ছিত করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি ছেড়ে যায়।
গত কয়েক মাসে ১৮-দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সেনবাগের সেবারহাট ও ছমিরমুন্সিরহাট বাজার, সদর উপজেলার মাইজদী টেলিভিশন সেন্টার, বেগমগঞ্জের রমজান বিবি ও বাংলাবাজার, সোনাইমুড়ী কলেজ রোড, চাটখিলের হালিমাদীঘির পাড়সহ বিভিন্ন স্থানে গণমাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়। এসব ঘটনার প্রতিবাদে ১ ডিসেম্বর জেলার সব সংবাদপত্র পরিবেশক ও হকার সংবাদপত্র সংগ্রহ ও বিতরণ বন্ধ রাখেন।
জানতে চাইলে সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, তিনি পুলিশের কাছ থেকে পত্রিকাবাহী গাড়িতে হামলার কথা শুনেছেন। কিন্তু দলীয় কর্মীরা ঘটনাটি অস্বীকার করেছেন। এ বিষয়ে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।