সেনবাগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গ্রাহকদের হামলা, ভাঙচুর
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নোয়াখালীর সেনবাগে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের নৈশপ্রহরীসহ কর্তব্যরত ব্যক্তিরা পালিয়ে গিয়ে রক্ষা পান।গ্রাহকদের অভিযোগ, সেনবাগে বেশ কয়েক মাস ধরে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং করা হয়। স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে বহু অনুনয়-বিনয় করেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় তাঁরা বিদ্যুতের কার্যালয়ে হামলা চালাতে বাধ্য হয়েছেন।সূত্র জানায়, গত শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে দেশের অধিকাংশ কলকারখানা বন্ধ থাকলেও সেনবাগে বিদ্যুৎ-পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। শনিবার দিনের বেলায় বেশির ভাগ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর চলে যায়। এতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত আড়াইটার দিকে শতাধিক ক্ষুব্ধ গ্রাহক মিছিলসহকারে ইটপাটকেল নিয়ে অতর্কিতে সেনবাগ উপজেলা সদরের ডাকবাংলো এলাকার পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ে অবস্থানকারী নৈশপ্রহরী ও অন্য কর্মীরা পালিয়ে গিয়ে নিজেদের রক্ষা করেন। ক্ষুব্ধ গ্রাহকদের ইটপাটকেলের আঘাতে বিদ্যুতের কার্যালয়ের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ গিয়ে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।পল্লী বিদ্যুতের কার্যালয় সূত্র জানায়, সেনবাগে বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় দুই-আড়াই মেগাওয়াট। এ কারণে বেশির ভাগ সময় গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হয় না। ২৪ ঘণ্টার মধ্যে ১৬-১৭ ঘণ্টাই লোডশেডিং করতে হয়।কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নজরুল ইসলাম হামলার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না করলে আমাদের কী করার আছে? আমরা যা পাই তার সুষম বণ্টন করি। এর পরও গ্রাহকেরা যদি কার্যালয়ে হামলা করে, তা হলে আমাদের কী করার আছে।’ সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান বলেন, গ্রাহকদের নানাভাবে বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।