সেনবাগে বখাটেদের হামলায় আহত স্কুলছাত্রীর চাচার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে গত আগস্টে বখাটেদের হামলায় আহত হন ওই ছাত্রীর চাচা মো. শাহজাহান। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট উপজেলার বিরামপুর গ্রামে বখাটে জামাল ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রীর মা ও চাচা মো. শাহজাহান এর প্রতিবাদ করেন। পরে বখাটে জামাল ও তার কয়েকজন সহযোগী তাঁদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শাহজাহানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি মারা যান। গতকাল সকালে চট্টগ্রাম থেকে লাশ আত্মীয়স্বজনেরা গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেনবাগ থানার পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।হামলার ঘটনার পরপর থানায় মামলা করা হলেও গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।