সেনবাগে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে গতকাল রোববার রাতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ সময় বাজারের ছয়-সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ পাওয়া গেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সহিদ উল্লা, মো. ইকবাল, মো. দাদন, মনির আহম্মদ ও মো. বাচ্চুকে সোনাইমুড়ী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগের কর্মীরা বাজারের পশ্চিম দিকে এবং বিএনপির কর্মীরা বাজারের পূর্ব দিকে অবস্থান করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ছাতারপাইয়া বাজারে আজ সোমবার সকালে সংবর্ধনা উপলক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপির নেতা আবদুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বাজারের পূর্বদিক থেকে শুরু হয়। মিছিলটি বাজারের পশ্চিম অংশে পৌঁছামাত্র আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া তফাজ্জল হোসেন ওরফে তফা মেম্বারের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ও কোমল পানীয়র কাচের বোতল নিক্ষেপ করে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বাজারের অন্তত ছয়-সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটের ঘটনা ঘটে।বিএনপির নেতা আবদুর রহমান বলেন, তাঁরা বিরোধীদলীয় চিফ হুইপের সংবর্ধনা উপলক্ষে সন্ধ্যার সময় শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি বাজারের পশ্চিম মাথায় পৌঁছামাত্র তফাজ্জল মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগের একদল কর্মী অতর্কিতে মিছিলে হামলা চালান। হামলায় তাঁদের অন্তত ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।আওয়ামী লীগের নেতা তফাজ্জল হোসেন বলেন, ‘আমরা বিএনপিকে বলেছি, এখন দেশের পরিস্থিতি ভালো না। তাই আরও কয়েক দিন পরে সংবর্ধনা দিতে। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে সংবর্ধনার আয়োজন করে এবং মিছিল করে আওয়ামী লীগের নামে উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। এ সময় আমাদের লোকজন প্রতিবাদ করলে তারা প্রথম আমাদের লোকদের ওপর হামলা চালায়।’ হামলায় আওয়ামী লীগের ৩০-৩৫ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।সেনবাগ থানার ওসি রতন দাস গুপ্ত বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের সংবর্ধনা নিয়ে বিএনপি মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয়।