সেনবাগে বিপাকে আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে দলের একাধিক নেতা চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের দুজন এবং বিএনপির তিনজন নেতা নির্বাচনী মাঠে রয়েছেন।
দুই দলের মধ্যে বেশি বেকায়দায় রয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে সমর্থন দিয়েছেন আবুল কালাম আযাদকে। তিনি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া প্রার্থী হয়েছেন জয়নুল আবদিন ফারুকের চাচাতো ভাই বিএনপির উপজেলা কমিটির সদস্য আবদুল্লা আল-মামুন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী মফিজুর রহমানও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিজেকে কেন্দ্রীয় বিএনপির সমর্থিত প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, কাজী মফিজুর রহমান নিজেকে দলীয় প্রার্থী উল্লেখ করে যে প্রচারণা চালাচ্ছেন, তা বিএনপির জন্য যতটা বিব্রতকর, তার চেয়ে বেশি বিব্রতকর জয়নুল আবদিনের চাচাতো ভাই আবদুল্লা আল-মামুনের প্রার্থী হওয়া।
ওই নেতাদের ভাষ্য মতে, কাজী মফিজুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও তাঁর হয়ে আগে যাঁরা মাঠে সক্রিয় ছিলেন, তাঁদের বেশির ভাগই এখন আর তাঁর সঙ্গে নেই। তবে, বিভিন্ন এলাকায় বিএনপির কিছু সমর্থক তাঁর পক্ষে মাঠে কাজ করছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
কাজী মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দলের হয়ে উপজেলা পরিষদ নির্বাচন করার জন্যই কেন্দ্রীয় বিএনপি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে তাঁকে দলের প্রার্থী হওয়ার জন্য বলেছেন। তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত মানা সবার দায়িত্ব।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, কাজী মফিজুর রহমান বিএনপির প্রার্থী কি না সে বিষয়ে কেন্দ্র থেকে কোনো কাগজ তাঁর কাছে আসেনি। স্থানীয়ভাবে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে আবুল কালামকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। আবদুল্লা আল-মামুনের প্রার্থী হওয়া দলের ও জয়নুল আবদিন ফারুকের জন্য বিব্রতকর বলে তিনি স্বীকার করেন।
বিপাকে আওয়ামী লীগও: তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যদিকে, স্থানীয় সাংসদ মোরশেদ আলমের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন গোলাম মোস্তফা ওরফে ভিপি মোস্তফা। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
এ নিয়ে সাংসদের সঙ্গে তৃণমূল নেতাদের টানাপোড়েন চলছে গত এক মাস ধরে। উদ্ভূত পরিস্থিতিতে গত ৩ মার্চ দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত চিঠিতে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা দলীয়ভাবে চূড়ান্ত বলে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তের পর দলের প্রার্থিতা নিয়ে সব জটিলতার অবসান হয়েছে। তৃণমূলের মতামতই কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। আমরা দল-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার জন্য কাজ করছি।’
তবে, গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদ মনোনয়ন দিয়েছেন। আমিই দলের প্রার্থী।’