সেনবাগে যাত্রীকে মারধর বাসস্ট্যান্ডে গ্রামবাসীর হামলা
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাটে গতকাল সোমবার রিয়াজ উদ্দিন (১৭) নামের এক বাসযাত্রীকে পরিবহন-শ্রমিকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে ওই যাত্রীর গ্রামের লোকজন কানকিরহাট বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে একটি বাস ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকাল নয়টার দিকে কানকিরহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র রিয়াজ উদ্দিন চট্টগ্রামে যাওয়ার জন্য কানকিরহাট বাসস্ট্যান্ডে আসে। তার বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে। সে ওই পথের স্কাইল্যান্ড বাসের কাউন্টারে গিয়ে চট্টগ্রামের ভাড়া কত তা জানতে চায়। কাউন্টার ব্যবস্থাপক নির্ধারিত ভাড়া বলার পর রিয়াজ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে কাউন্টার ব্যবস্থাপক ও স্কাইল্যান্ড বাসের কয়েকজন শ্রমিক রিয়াজকে জোর করে কাউন্টারের ভেতরে নিয়ে মারধর করেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে সে বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। পুলিশের ভাষ্যমতে, গ্রামের লোকজন ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে কানকিরহাট বাসস্ট্যান্ডে হামলা চালায়। এ সময় ওই বাস কাউন্টারের ব্যবস্থাপক ও শ্রমিকেরা পালিয়ে যান। ক্ষুব্ধ লোকজন তাঁদের না পেয়ে স্কাইল্যান্ডের একটি বাস ভাঙচুর করে। পরে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ভাড়া নিয়ে বাগিবতণ্ডার জের ধরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মৌখিক বা লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে কথা বলার জন্য পরিবহন-শ্রমিক ও স্কাইল্যান্ড বাস কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।