সেনবাগে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে গত বৃহস্পতিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় তারা একটি বেসরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে।এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাতেই ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল করে শুক্রবার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দেন। এ কারণে গতকাল সকাল থেকে শহরের সব দোকানপাট বন্ধ ছিল। পরে বিএনপির সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক ঘটনার বিচার ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিন্নাগনি গ্রামের সালাহ উদ্দিনের সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জ্যেষ্ঠ সহসভাপতি কাদরা গ্রামের আনোয়ার উল্লার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে দুই নেতার সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে নয়টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ সময় সদরের প্রেসক্লাব চত্বরে মদিনা প্রাইভেট হাসপাতালসহ কয়েকটি দোকান হামলার কবলে পড়ে। আহতদের মধ্যে একজনের নাম মো. বাবর (৩৩) বলে জানা গেছে। তাঁকে মদিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সালাহ উদ্দিন প্রথম আলোকে জানান, আনোয়ারের লোকজন উপজেলা চত্বরে তাঁকে একা পেয়ে আটকে রাখে। পরে তাঁর এলাকার লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের সহায়তা নিয়ে তাদের ওপর হামলা চালালে তারাও পাল্টা জবাব দেয়। তবে এ বিষয়ে আনোয়ার উল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান বলেন, এখনো এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করেনি।