সেনবাগে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কুতুবেরহাট বাজারের আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার সকালে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের জেলা কমিটির সদস্য আবুল বাসার ওরফে মির্জার সমর্থকদের সঙ্গে নবীপুর ইউনিয়ন যুবলীগের কর্মী মিলনের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে দুই পক্ষের সমর্থকেরা বাজারে মহড়া দেন। একপর্যায়ে বাজারের দক্ষিণ অংশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হন। তাঁরা হলেন ফারুক, সাইফুল, আনোয়ার, শান্ত, রহিমুল্লা, মিলন ও মাসুদ। তাঁদের মধ্যে ফারুককে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এ ছাড়া বাজারের একটি দোকানে পেয়ে নবীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেনকে মির্জার সমর্থকেরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁরা হলেন মো. হানিফ, মো. ফারুক, মো. হারুন ও মো. রফিক।সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলী আক্কাস রতন বলেন, দল ক্ষমতায় আসার পর থেকে কিছু লোক যুবলীগের নামে ওই বাজারে অশান্ত পরিস্থিতির চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। গতকালের ঘটনায় যুবলীগের কোনো কর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা করেনি।