সেনবাগে শিক্ষকের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি পূরণের দাবিতে গতকাল রোববার সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। এর ফলে গতকাল সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত সেনবাগ শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা থানার মোড়ে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়া স্মারকলিপি আকারে তাঁর কাছে দেওয়ার পরামর্শ দিলে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।আন্দোলনরত শিক্ষার্থী ওমর ফারুক ও বিবি খাদিজা ক্ষোভ প্রকাশ করে জানায়, তাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও সেনবাগ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকট বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে পাইলট উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৮টি পদে কর্মরত আছেন মাত্র ছয়জন। সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলাইমান ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন শিক্ষকসংকটের কথা নিশ্চিত করেন। দুই প্রধান শিক্ষক জানান, সংকট উত্তরণে তাঁরা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।