সেনবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ, বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং সিএনজিচালিত অটোরিকশাচালক বখাটে জামাল উদ্দিনের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। জামালের বাড়ি সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামে।এদিকে আটক জামালকে গতকাল সন্ধ্যায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন।এ ছাড়া আদালত বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় জামালকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ বুধবার তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হবে।ছাত্রছাত্রী ও পুলিশ জানায়, ওই কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী গতকাল সকালে উপজেলার ছিলোনিয়া গ্রাম থেকে একটি অটোরিকশাযোগে কলেজের উদ্দেশে রওয়ানা হয়। অটোরিকশাটি ছিলোনিয়া বাজারের পূর্বপাশে পৌঁছালে জামাল ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। এ সময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জামালকে আটক করে স্থানীয় অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহানের কাছে সোপর্দ করে। পরে পুলিশ জামালকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ছাত্রীর শ্লীলতাহানির খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বখাটের শাস্তির দাবিতে সেনবাগ থানা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান অটোরিকশাচালক জামালের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।ওসি সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।