সেনবাগে সংঘর্ষের ঘটনায় ৪০৪২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে চার হাজার ৪২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া সংঘর্ষের পর বৃহস্পতিবার দুপুরে জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ছাতারপাইয়া পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার (মান্দারকান্দি) বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭০ জন আহত হয়। সংঘর্ষে পশ্চিমপাড়ার পক্ষে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তফাজ্জল হোসেন এবং পূর্বপাড়ার (মন্দারকান্দি) পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদার নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে।ওই সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা করেন। মামলায় তফাজ্জল হককে প্রধান আসামি করা হয়েছে। তফাজ্জল ছাড়াও ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে।মামলা করার বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার প্রধান আসামি তফাজ্জল হক অভিযোগ করেন, চেয়ারম্যান নুরুল হকের লোকেরাই প্রথমে তাঁর লোকদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, তিনি নিজে কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্যই মামলা দেওয়া হয়েছে।তবে নুরুল হক মজুমদার প্রথম আলোকে বলেন, মামলার বাদী পুলিশ। তারা কাকে আসামি করেছে, তা তিনি জানেন না। অন্যদিকে, ছাতারপাইয়া বাজার ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে জারি করা ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ না করা পর্যন্ত তা বলবৎ থাকবে।