নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট উপস্বাস্থ্যকেন্দ্রে দুই দিন ধরে চিকিৎসা কর্মকর্তা ও তাঁর সহকারী অনুপস্থিত। এ অবস্থায় গতকাল বুধবার সেখানে চিকিৎসা না পেয়ে রিয়াদ উদ্দিন (৪) নামের এক শিশু মারা গেছে। পরে ওই শিশুর আত্মীয়স্বজন ও এলাকাবাসী স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন।এলাকাবাসীর অভিযোগ, ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা শামীম রেজা ও স্বাস্থ্য সহকারী আবদুর রহমান প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ফলে স্থানীয় লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। গত দুই দিন তাঁরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামের জিয়া উদ্দিনের ছেলে রিয়াদ উদ্দিন (৪) খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ওই উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা না পেয়ে একপর্যায়ে শিশুটি মারা যায়। পরে স্থানীয় সহস্রাধিক লোক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জড়ো হন। এ সময় তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা সহকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক ও চিকিৎসা সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরনবী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক ও চিকিৎসা সহকারী অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সিভিল সার্জনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।