সেনবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় মো. ফিরোজ আলম ভূঁইয়া (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। তাঁর বাড়ি সেনবাগ পৌরসভার কাদরা এলাকায়। তিনি নোয়াখালী পৌরসভার পানি শাখায় ভান্ডাররক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ফিরোজ আলম বাড়ি ফেরার জন্য ছাতারপাইয়া বাজারে পূর্বপরিচিত মো. রাজুর মোটরসাইকেলে ওঠেন। সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় গ্রামে মোটরসাইকেলটির সামনের চাকার টায়ার ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় ফিরোজ ও রাজু আহত হন। সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফিরোজের মৃত্যু হয়। আহত রাজুকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চৌমুহনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।