সেনবাগে হামলায় যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে গতকাল শনিবার যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর যুবলীগের কর্মীদের হামলায় আটজন আহত হয়েছেন। তাঁদের ছয়জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত নেতা-কর্মীরা হলেন: ইউনিয়ন যুবদলের সহসভাপতি কামরুল হাছান (৩২) ও সদস্য মো. তানভির (২৮); ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান (২৪), সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৩), যুগ্ম সম্পাদক মোজ্জামেল হোসেন (২২) ও সহসাংগঠনিক সম্পাদক তারেক আজিজ (২৩)।উপজেলা ছাত্রদলের সভাপতি শিহাবউদ্দিন বলেন, গতকাল বেলা দেড়টার দিকে কাদরা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা স্থানীয় ঢালুয়া-নন্দীরপাড়ে দলের একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের দাওয়াত দিচ্ছিলেন। এ সময় ওই এলাকার যুবলীগের গিয়াস উদ্দিন ও রুবেলের নেতৃত্বে ১৫-২০ জন কর্মী তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। উপজেলা যুবলীগের আহ্বায়ক আলী আক্কাছ একে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘সেখানে সামান্য যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে।’সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন খান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।