সেনবাগে ২৬টি কেন্দ্রে নির্বাচন স্থগিত
ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, বাক্স ছিনতাই, বিক্ষিপ্ত বোমাবাজি, গুলি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নানা অনিয়মের কারণে ৮৩টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছেন নিজ নিজ প্রিসাইডিং কর্মকর্তারা।
হামলা, গুলি ও বোমাবাজির ঘটনায় পুলিশের ছয় সদস্য গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। এর মধ্যে পুলিশের ছয় সদস্যসহ নয়জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৮২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কালারাইতা কেন্দ্রে গতকাল শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন–সংশ্লিষ্টদের জিম্মি করে ৭০০ ব্যালট পেপারে জোর করে সিল মেরে রেখে যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সকালে ভোট গ্রহণ শুরু না করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সকাল সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতেই ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফলে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলে। পাশাপাশি একই প্রতিযোগিতায় এগিয়ে আসেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরাও। ফলে সকালে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘাত বাড়তে থাকে।
সকাল সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর ইউনিয়নের শেরেবাংলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে শুরু করে। এ সময় কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা।
দুপুর ১২টার দিকে কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর উচ্চবিদ্যালয় ও পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভাঙচুর ও কয়েক শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এ ঘটনার পর কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত সশস্ত্র হামলা ও গুলি চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় কেন্দ্রের পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষে গোলাগুলি হয়। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই বেলায়েত হোসেনসহ পুলিশের ছয়জন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জোর করে সিল মারাসহ নানা অনিয়মের ঘটনায় নয়টি ইউনিয়নের ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে ছাতারপাইয়া, অর্জুনতলা, নবীপুর ও ডমুরুয়া ইউনিয়নে একটি করে, কেশাপারড়ে চারটি, কাদরায় তিনটি, কাবিলপুরে ছয়টি, মোহাম্মদপুরে দুটি, বীজবাগে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ছিদ্দিক প্রথম আলোকে বলেন, বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রেই দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও একজন প্রিসাইডিং কর্মকর্তাও আহত হয়েছেন। অনিয়মের কারণে ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।