সেনবাগের সব ইউনিয়ন ও পৌর কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি এবং সব ইউনিয়ন ও পৌর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আয়োজিত গত বৃহস্পতিবার সেনবাগে বিশেষ মতবিনিময় সভা আহ্বান করে যাঁরা চিঠি দিয়েছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের কমিটি কার্যকর না থাকায় এবং ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে জেলা আওয়ামী লীগ গঠিত সমন্বয় কমিটির বিরুদ্ধে পাল্টা মতবিনিময় সভা করার পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সেনবাগে আয়োজিত ওই বিশেষ মতবিনিময় সভা আহ্বান করে চিঠি দেন স্থানীয় সাংসদ (নোয়াখালী-২) মোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরী।
গতকাল বিকেলে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ জেলা কমিটির বেশির ভাগ নেতা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সভায় সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের সাবেক কমিটি এবং কয়েক মাস আগে স্থানীয় সাংসদ মোরশেদ আলমকে আহ্বায়ক করে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতারা উপজেলা নেতাদের কর্মকাণ্ডকে সংগঠনবিরোধী আখ্যায়িত করে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ সেনবাগের সব কমিটি ভেঙে দেওয়া হয়।
সূত্র জানায়, ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে গঠিত সমন্বয় কমিটি দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দুই দিনের মধ্যে নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার আহ্বায়ক কমিটির নাম প্রস্তাব করে জেলায় পাঠাবে। জেলা কমিটি পরে সেটি অনুমোদন করবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সেনবাগে ইউনিয়ন কমিটিগুলো অননুমোদিত ও মেয়াদ উত্তীর্ণ। তা ছাড়া সেখানে উপজেলা আওয়ামী লীগেরও কমিটি নেই। জেলা থেকেই এখন ইউনিয়নের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে একরামুল করিম চৌধুরী বলেন, জাফর আহম্মদ চৌধুরী উপজেলা সভাপতি থাকাকালে নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় ছিলেন। বর্তমানেও আছেন। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে জাফর আহম্মদ চৌধুরী বলেন, ‘আমি কখনোই সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। বরং আমি সভাপতি থাকাকালেই সেনবাগে দল সবচেয়ে সংগঠিত ছিল। জেলা আওয়ামী লীগ কিসের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা আমার বোধগম্য নয়।’
এদিকে জেলার বর্ধিত সভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে গতকাল বিকেলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। এই অংশের নেতৃত্বে আছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু। অপর অংশের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ মোরশেদ আলম।