রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সেনা অভ্যুত্থানের চেষ্টা রাজনীতিবিদদের জন্য সতর্কসংকেত। কোনো ঘটনা থেকে এ দেশের রাজনীতিবিদেরা শিক্ষা নেন না।‘নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার অসাংবিধানিক ও অগণতান্ত্রিক চক্রান্তের রাজনীতি: গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই আলোচনা অনুষ্ঠিত হয়।শুরুতে লিখিত বক্তব্যে বলা হয়, অসাংবিধানিক পন্থায় অবৈধ ক্ষমতা দখলকারী সরকারগুলো ব্যর্থ নির্বাচিত সরকারের চেয়ে কোনো দিক থেকেই ভালো নয়। ষড়যন্ত্রকারীরা মানুষের ওপর নির্ভর না করে সেনাবাহিনীর ক্ষমতাকে অপব্যবহার করার অসাংবিধানিক, অগণতান্ত্রিক পথ বেছে নেয়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।আলোচনায় আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, এ দেশের জনগণ সব দেখে-শুনে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেয়। রাজনীতিবিদসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের প্রতি জনগণের শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।জাসদের কার্যকরী পরিষদের সভাপতি মঈন উদ্দীন খান বাদল বলেন, সামরিক বাহিনীও মনে করে, গণতন্ত্র এগিয়ে নেওয়াটা জরুরি। সেনাবাহিনীর অভ্যন্তরের ঘটনা জনগণকে জানিয়ে দেওয়া সেটাই প্রমাণ করে।আলোচনার সঞ্চালক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে বিজয়ের যাত্রা অব্যাহত রাখতে আইনের শাসন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, রাজনীতি সব সময় রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। রাষ্ট্রের সব কাঠামোকে রাজনীতির ঊর্ধ্বে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে।দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান বলেন, সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় প্রধান দুই রাজনৈতিক দল কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এটা না করে সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।গোলটেবিলে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।