সেনা অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে জড়িত নই: আমান আযমী
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দাবি করেছেন, সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কেউ জড়িত ছিল না। এর সঙ্গে তাঁদের দূরতম সম্পর্কও নেই।গতকাল রোববার বিকেলে মগবাজারের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমান আযমী এ দাবি করেন। তিনি এ ঘটনায় তাঁকে ও তাঁর পরিবারকে জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা জানান। আমান আযমী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক গোলাম আযমের ছেলে।আমান আযমী বলেন, তিনি ও তাঁর ছোট ভাই নুমান আযমীকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে যেসব খবর পরিবেশিত হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। স্বার্থান্বেষী মহল তাঁকে হয়রানি ও পরিবারের সুনাম নষ্ট করার জন্য এসব খবর পরিবেশন করছে। তিনি বলেন, ‘সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টার নিন্দা জানাই এবং এ কাজে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ ব্যর্থ সেনা অভ্যুত্থান সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী, এ প্রশ্নের জবাবে আমান আযমী বলেন, ‘এটি তদন্তাধীন বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’