সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড নিয়ে অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহম্মেদ চৌধুরী হত্যাকাণ্ড নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। ছয় দিনেও এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আবদুল আহাদকে গ্রেপ্তার করতে পারেনি। আসামি গ্রেপ্তার না হওয়ায় আদৌ কী নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে কেউ কিছুই বুঝতে পারছে না।
৬ অক্টোবর সকালে মহাখালীর ডিওএইচএসের বাসায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহম্মেদ চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে ওই বাসা থেকে টেলিভিশন, ল্যাপটপ ও মুঠোফোন নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পালিয়ে যাওয়া সাবেক সেনা কর্মকর্তার বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদকে প্রধান আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করা হয়। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান মামলাটি তদন্ত করছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় মাজেদা বেগম নামের এক গৃহকর্মী কাজ করতেন। সাবেক এই সেনা কর্মকর্তা খুন হওয়ার পর থেকে মাজেদা নামের ওই গৃহকর্মী আসছেন না। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তিনি গুলশানের ব্র্যাক সেন্টার–সংলগ্ন বস্তিতে থাকেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পুলিশ এখনো ওয়াজি হত্যাকাণ্ডের মোটিভ বের করতে পারেনি। এজাহারভুক্ত আবদুল আহাদের সঙ্গে ওই বাড়ির গৃহকর্মী মাজেদা জড়িত থাকতে পারেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁরা গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের মোটিভ বের হবে বলে তিনি মনে করেন।
তদন্তকারী কর্মকর্তা বলেন, ওয়াজির ছোট ছেলে ফুয়াদ আহম্মেদ চৌধুরী মহাখালীর ডিওএইচএসের বাসায় তাঁর বাবার সঙ্গে থাকলেও বড় ছেলে নাবিদ আহম্মেদ চৌধুরী সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকেন। গুলশানে একটি কোম্পানিতে কর্মরত ফুয়াদ হত্যাকাণ্ডের বিষয়ে ধারণা দিতে না পারায় পুলিশকে বেগ পেতে হচ্ছে।
মামলার বাদী ওয়াজি আহম্মেদের ভাতিজা রেশাদ আহমদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনা ভিন্ন খাতে নিতে খুনিরা ডাকাতির নাটক সাজিয়েছে। শুধু মালামাল লুটের জন্য খুন করা হয়নি। বাসায় ১০ লাখ টাকার বেশি সোনার গয়না থাকলেও তা নেওয়া হয়নি।
রেশাদ বলেন, খুনের পেছনে একটি মহল জড়িত আছে। খুনের ক্ষেত্রে ওই মহলটি হয়তো বাড়ির তত্ত্বাবধায়ক ও গৃহকর্মীকে ব্যবহার করেছে। অভিযান চালিয়েও নিজ ঠিকানায় তাঁদের পায়নি পুলিশ।