সেনা কর্মকর্তার গাড়িতে ককটেল নিক্ষেপ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চা বোর্ডের চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাতটা ৫০ মিনিটে বিমানবন্দরে ভিআইপি কার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবদুস সালাম খানের গাড়ির কাচ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি গাড়িতে ছিলেন না। তবে বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে এসে এই গাড়িতে করে তাঁর যাওয়ার কথা ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, চা বোর্ডের চেয়ারম্যানকে আনার জন্য গাড়িটি বিমানবন্দরের ভিআইপি কার পার্কিয়ে প্রবেশের পরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাহাবুদ্দিন নামের ইউনাইটেড এয়ারওয়েজের কর্মচারীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনার পরই বিমানবন্দরের টার্মিনাল ভবনের উত্তর ও দক্ষিণ ফটক এবং ভবনের সামনে পার্কিং চত্বরের ফটক বন্ধ করে তল্লাশি চালানো হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পর দর্শক গ্যালারিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিআইপি কার পার্কিয়ে যে জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেখানে সাধারণ দর্শনার্থীদের ঢোকার সুযোগ নেই। এ কারণে এমন স্পর্শকাতর স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহ তৈরি হচ্ছে।