সেনা কর্মকর্তার গাড়িতে ফেনসিডিল, গ্রেপ্তার দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর একজন কর্মকর্তার (মেজর) গাড়িতে গতকাল বৃহস্পতিবার ভোরে তল্লাশি চালিয়ে ভারতীয় ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ওই মেজরের নাম ইমতিয়াজ নাসিম। তাঁকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে। মেজর নাসিমের সঙ্গী দুই মাদক ব্যবসায়ী আবু সাইদ ও মামুন হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, মেজর ও তাঁর সঙ্গীরা একটি প্রাইভেট কারযোগে কুড়িগ্রামের রাজীবপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। বকশীগঞ্জ থানার পুলিশ গতকাল ভোরে ভারতের সীমান্তের কাছাকাছি রৌমারী-বকশীগঞ্জ সড়কের ধানুয়া কামালপুর এলাকায় তাঁদের গাড়িটি আটক করে তল্লাশি চালায় এবং ভেতরে একটি শপিং ব্যাগে রাখা অবস্থায় ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মেজর নাসিম ময়মনসিংহ জেলা শহরের করপোরেট স্ট্রিট এলাকার নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। আবু সাইদের বাড়ি ময়মনসিংহ শহরে, আর মামুন হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী পৌর শহরে।
বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম খান বলেন, মেজর ইমতিয়াজ নাসিম চট্টগ্রামের হালিশহর সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত এবং বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। তাঁকে সেনা সদর দপ্তরের নির্দেশে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। অপর দুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।