সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সেনাবাহিনীর লে. কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে নুরুন্নবী হক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ছালিমপুর গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে তিনি পেশাদার প্রতারক। নিজেকে বড় কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি নিম্নপদস্থ কর্মচারীদের পদোন্নতি, বদলি ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেন। এর আগে সৈয়দপুর ও নওগাঁয় মেজর পরিচয় দিয়ে প্রতারণার সময় তিনি ধরা পড়েছেন। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলাও আছে। তাঁকে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে ৪০ বিজিবি ব্যাটালিয়নের ৩ নম্বর ফটকের সামনে কয়েকজন বিজিবি সদস্য কৌশলে নুরুন্নবী হককে আটক করেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবির সিপাহি আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন।
ফুলবাড়ী থানাহাজতে নুরুন্নবী ৮-১০ বছর ধরে সেনাবাহিনী, পুলিশ ও সরকারি বড় কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করছেন বলে স্বীকার করেন।