চিকিৎসক শেজাদী আপসাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর বিচারের দাবিতে গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন একদল চিকিৎসক। এতে অভিযোগ করা হয়, ১৩ মে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে স্বামী লে. কর্নেল শফিকুল ইসলাম তাঁকে পিটিয়ে হত্যা করেন।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকভিত্তিক চিকিৎসকদের সংগঠন ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ বিএসএমএমইউর বটতলায় এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে শতাধিক চিকিৎসক কালো ব্যাজ পরে অংশ নেন। শেজাদী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে (২৮তম ব্যাচ) পাস করেন।সমাবেশে শেজাদীর পরিবারের সদস্যরাও অংশ নেন। তাঁর ভাই চিকিৎসক জাভেদ হোসেন বলেন, ২০০০ সালে শফিকুলের সঙ্গে শেজাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শফিকুল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। একমাত্র ছেলের কথা চিন্তা করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন শেজাদী। জাভেদ বলেন, ১৩ মে সকালে ছেলেকে স্কুলে পাঠানোর সময় স্বামীর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে ছেলের হাতে দেন শেজাদী। এ নিয়ে ওই দিন ছেলের সামনেই সকালে স্ত্রীকে এক দফা মারধর করেন শফিকুল। ছেলে স্কুলে যাওয়ার পর শেজাদী যান সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে। এরপর শাশুড়ি জাহান আরাকে ফোন করে শফিকুল বলেন, ‘আপনার মেয়েকে তিন তালাক দেওয়া হয়েছে, তাকে নিয়ে যান।’ এ কথা শুনে সকালেই কুমিল্লার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন জাভেদ ও তাঁর মা। পথে সকাল ১০টা ৫১ মিনিটে বোনকে ফোন করেন জাভেদ। তখন শেজাদী বলেন, মারধর করে তাঁর অনেকগুলো দাঁত ভেঙে ফেলেছেন শফিকুল। তিনি চিকিৎসা করাতে যাচ্ছেন। এরপর আর কথা হয়নি। বেলা দেড়টার দিকে সেনানিবাসের নীলিমা ভবনের তৃতীয় তলায় গিয়ে তিনি বোনের লাশ দেখতে পান।এ ঘটনার পর ১৬ মে কুমিল্লার কোতোয়ালি থানায় শফিকুলসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন জাভেদ। মামলার অন্য আসামিরা হলেন শফিকুলের ভাই মফিজউদ্দীন, বন্ধু আবদুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার।মামলার এজাহারে আরও বলা হয়, বিয়ের কয়েক বছর পর থেকে লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম অন্য এক নারীর প্রেমে পড়েন। ২০০৪ সালে শফিকুল শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়ায় ছিলেন। ওই সময় তাঁর চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টারের বাসায় সেই প্রেমিকার লেখা চিঠি আসে। তখন শেজাদী আপসা চিঠির বিষয়টি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের জানান। ওই বছরই সেনাবাহিনী তাঁকে লাইবেরিয়া থেকে দেশে ফেরত আনেন। এরপর তাঁকে সতর্ক করে দিয়ে পুনরায় মিশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মিশন শেষে দেশে ফিরে এসে লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। ১৩ মে লোহার রড দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ময়নামতি সেনানিবাসের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার ছিলেন। তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।