সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ময়নামতি সেনানিবাসের আবাসিক কোয়ার্টার থেকে এক সেনা কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সেনানিবাসের নীলিমা ভবনের ওই কোয়ার্টারের তৃতীয় তলায় স্ত্রী শেজাদী আপসাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। শেজাদী পেশায় একজন চিকিৎসক।

গত সোমবার বেলা সাড়ে তিনটায় ওই ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে শেজাদী আপসার (৩৫) লাশ উদ্ধার করেন পুলিশ ও সেনা কর্মকর্তারা। এ সময় লাশ কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আপসার শরীরের একাধিক অংশ ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহতের ছোট ভাই চিকিৎসক মো. জাভেদ হোসেন বলেন, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার জামালিয়াকান্দি গ্রামে। ২০০০ সালে তাঁর বড় বোন শেজাদী আপসার সঙ্গে একই উপজেলার সবুরিয়াপাড়া গ্রামের দেওয়ান আলী প্রধানের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। শফিকুল প্রায়ই শেজাদীকে মারধর করতেন। এর পরও একমাত্র ছেলে আহনাফ ইনতেজার সামিনের (১০) দিকে তাকিয়ে তিনি সংসার করছিলেন। তিনি বলেন, ‘গত রোববার সকাল সাতটায় কাজের বুয়ার টাকা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শফিকুল তাঁকে রড দিয়ে পেটান। তখন শফিকুল আমার মা জাহান আরাকে ফোন করে জানান, আপনার মেয়েকে তিন তালাক দেওয়া হয়েছে, তাঁকে নিয়ে যান। পরে আমি শেজাদীকে সকাল ১১টার দিকে ফোন করি। তখন শেজাদী আমাকে বলেন, তাঁর স্বামী রড দিয়ে তাঁকে পিটিয়েছেন। চড় ও লাথি মেরে দাঁতও ক্ষতিগ্রস্ত করেছেন। পরে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে যান। বেলা দুইটার দিকে আমরা ওই বাসায় গিয়ে বিছানায় লাশ দেখি।’

খবর পেয়ে ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল জাহিদুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশরাফ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপেক্ষমাণ লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। শফিকুল ময়নামতি সেনানিবাসের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার।

ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।