সেনা কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে একদল ছিনতাইকারী এক সেনা কর্মকর্তাকে অস্ত্রাঘাতে আহত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। তাঁর নাম লেফটেন্যান্ট মো. সাদিক ওয়ালিদ। তিনি সাভার সেনানিবাসে কর্মরত বলে জানা গেছে। মির্জাপুর থানার পুলিশ জানায়, সাদিক ওয়ালিদ ও রংপুরের খোলাহাটি সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট মোন্তাছির নামের অপর এক সেনা কর্মকর্তা বগুড়া সেনানিবাসে ছয় মাসের বেসিক কোর্স শেষে গত বৃহস্পতিবার মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে সাদিক সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোস্টকামুরীতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মোটরসাইকেল থামান। এ সময় ওই স্থানে একদল ছিনতাইকারী তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ সময় তাঁর অদূরে থাকা অপর সেনা কর্মকর্তা মোন্তাছির ছুটে এসে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) টাঙ্গাইলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সাদিকের মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সাদিক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।