ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়, আটক সেনা কর্মকর্তা হলেন মেজর রেজাউল করিম। তাঁকে গত রোববার রাতে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে খিলগাঁও থানার পুলিশ। তাঁর দুই সহযোগী হীরা শেখ ও সোহাগকে পরে ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল্লাহ মাসুদের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেজর রেজাউলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার মেজর রেজাউল পুরানা পল্টনে ব্যবসায়ী আবদুল্লাহ মাসুদের প্রতিষ্ঠান ফাল্গুনী ফুড অ্যান্ড বেভারেজের কার্যালয়ে যান। তিনি ব্যবসায়ী মাসুদকে বলেন, তাঁর প্রতিষ্ঠানের শেয়ার ছাড়লে মেজর রেজাউল তাতে ২০ লাখ টাকা বিনিয়োগ করবেন। এ জন্য কথা বলতে রোববার রাতে বনশ্রীর এক রেস্তোরাঁয় ব্যবসায়ী মাসুদকে আসতে বলেন মেজর রেজাউল। সে অনুযায়ী রোববার রাতে মাসুদ বনশ্রী যান। কথাবার্তার একপর্যায়ে মেজর রেজাউল রেস্তোরাঁর একপাশে ডেকে নিয়ে আবদুল্লাহকে বলেন, ‘তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মানুষ তোর কাছ থেকে ৭০ লাখ টাকা পায়।’ মাসুদ প্রমাণ দেখানোর কথা বললে মেজর রেজাউল তাঁকে চড়-থাপড় মারেন এবং টাকা দাবি করেন। অন্যথায় র্যাব সদর দপ্তরে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন।টাকা দিতে অস্বীকৃতি জানালে রেজাউলের সহযোগী হীরা শেখ ও সোহাগের সঙ্গে ব্যবসায়ী মাসুদকে একটি গাড়িতে তুলে দেন। আর ব্যবসায়ীর গাড়ির চাবি নিয়ে মেজর রেজাউল বনশ্রী এলাকায় ঘুরতে থাকেন।পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী হীরা শেখ ও সোহাগদের গাড়িটি খিলগাঁও ফ্লাইওভার গোলচত্বরে এলে পুলিশের একটি টহল দলের কাছে ধরা পড়ে।ওই টহল দলের কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ দেখে গাড়ি থেকে প্রথমে লাফিয়ে পড়েন ব্যবসায়ী মাসুদ। সঙ্গে সঙ্গে লাফ দেন সোহাগ ও হীরা শেখ। তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ধরে ফেলে। তিনজনকেই খিলগাঁও থানায় নেওয়া হয়।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহযোগীদের আটকের খবর পেয়ে খিলগাঁও থানায় গিয়ে নিজেকে র্যাব-৩-এর কর্মকর্তা পরিচয়ে ওই ব্যবসায়ীকে হুমকি-ধমকি দিতে থাকেন মেজর রেজাউল। এরপর পুলিশ মেজর রেজাউলকে আটক করে র্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যান। সেখানকার একজন কর্মকর্তা জানান, রেজাউল র্যাব-৩-এর সদস্য নন। পরে রেজাউলের পরিচয় নিশ্চিত হয়ে তাঁকে সেনা সদর দপ্তরের ১৩ মিলিটারি পুলিশের (এমপি) ক্যাপ্টেন সৈয়দ শামীমুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়।