সেনা মোতায়েন চান না সাঈদ খোকন

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকায় সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
অবশ্য গতকাল বিকেলে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সাঈদ খোকন বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু। কোনো প্রার্থী বাধার সম্মুখীন হয়নি। কারও মাথা ফাটেনি। কোনো মামলা হয়নি। তাই সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি কমিশনের এখতিয়ার। প্রার্থী হিসেবে আমি বলব, সেনাবাহিনী মোতায়েনের এখন পর্যন্ত প্রয়োজন নেই।’
খালেদা জিয়ার গাড়িবহরে সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলা প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। তার ওপর কেউ ক্ষুব্ধ হয়ে হামলা করলে, সেটা হামলাকারী আর খালেদা জিয়ার বিষয়।’ তিনি বলেন, ‘আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি আমৃত্যু মানুষের সেবা করেছেন। আমাকে একবার সুযোগ দিন। আমিও বাবার মতো আমার জীবন উৎসর্গ করব।’
সাঈদ খোকন বলেন, ‘ইলিশ মাছ মার্কায় ভোট দিন। আমাকে একবার মেয়র নির্বাচিত করুন। আমি নগরের পিতা নয়, আপনাদের সন্তান ও সেবক হিসেবে কাজ করব।’ এ সময় সাঈদ খোকনের সঙ্গে সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল তিনি নিউমার্কেট ও লালবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ চালান।