সেনা চেয়ে আগামী সপ্তাহে চিঠি দেবে কমিশন
সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের চাহিদা জানিয়ে আগামী সপ্তাহে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। সাংবিধানিক ক্ষমতাবলে কমিশন এই চাহিদা জানাবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, পুলিশ-আনসার-বিজিবির সমন্বয়ে গঠিত নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে কমিশন মনে করে। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে যে সহিংসতা ও নাশকতা চলছে, সেই প্রেক্ষাপটে কমিশন আগেই সেনাবাহিনী মোতায়েন করতে চায়। আগামী রোববার এ বিষয়ে কমিশন সভায় আলোচনা হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো প্রস্তাব এখনো কমিশন সভায় আসেনি। নথি এলে কখন, কীভাবে, কোথায়, কত সেনা মোতায়েন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে কমিশন থেকে বলা হয়েছিল, ফৌজদারি কার্যবিধির ১২৮, ১২৯ ও ১৩০ ধারা অনুযায়ী নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোথাও কোনো বেআইনি সমাবেশ বা জনশৃঙ্খলা ভঙ্গ হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ বাহিনী তা ছত্রভঙ্গ করে দেবে। পুলিশ বাহিনী ব্যর্থ হলে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করতে পারবেন।
কিন্তু কমিশন এখন মনে করে, ফৌজদারি কার্যবিধির আওতায় দাঙ্গা-হাঙ্গামা শুরুর আগে সেনা তলব করা সম্ভব নয়। মাঠ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আগেই সেনা মোতায়েন করতে হবে। তাই তারা এখন সংবিধানের ১২৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে সেনাবাহিনীর সহযোগিতা চাইবে। এ ধারায় বলা আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা রাষ্ট্রের সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য।
যদিও অতীতে এই ধারায় একাধিকবার সেনাবাহিনী চেয়েও বিফল হয়েছে নির্বাচন কমিশন। ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন, ২০১০ সালের পৌর নির্বাচন এবং ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কমিশন সেনাবাহিনী মোতায়েনের চাহিদা জানালেও সরকার তা আমলে নেয়নি।
সরকার ২০০৯ সালের ফেব্রুয়ারিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ডর নাম আছে। যে কারণে সেনাবাহিনী দায়িত্ব পালন করলেও তাদের ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ বাহিনী হিসেবে থাকতে হবে। আইন অনুযায়ী নিয়মিত বাহিনী নির্বাচনী অপরাধের জন্য যে কাউকে গ্রেপ্তার করতে পারলেও সেনাবাহিনীর সেই ক্ষমতা নেই।
কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রস্তাবে প্রতিটি জেলায় এক ব্যাটালিয়ন সেনা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। এই হিসাবে প্রতিটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন সেনাসদস্য টহল দেবেন। সেনাবাহিনী জেলা সদরে অবস্থান করে সেখান থেকে উপজেলায় টহল দেবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম সপ্তাহ (১৪ থেকে ২১ ডিসেম্বর) থেকে সেনা মোতায়েনের চাহিদা জানাতে পারে কমিশন।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনী আইনশৃঙ্খলা বৈঠকে কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিনের (১৩ ডিসেম্বর) আগেই সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল। কিন্তু সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বলা হয়েছে, ডিসেম্বর মাসজুড়ে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলবে। সে জন্য বেশি আগে সেনা মোতায়েন সম্ভব নয়।
গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সমঝোতা চাই। চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।’ একদলীয় নির্বাচন হলে কে দায়ী থাকবে—কমিশন না সরকার? এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।